বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, এ বছর হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন। উৎসবকে ঘিরে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। মানুষ যেন ভয়ভীতি ছাড়াই আনন্দের সঙ্গে পূজা করতে পারে, সে জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দায়িত্ব হলো সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি জানান, পূজার প্রস্তুতিকালে কিছু এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যেই কয়েকটি ঘটনায় মামলা হয়েছে। “আমরা কোনো কিছু অবহেলা করছি না। এ ধরনের ঘটনা ঘটলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে,” বলেন বাহারুল আলম।
পরাজিত ফ্যাসিস্ট শক্তি পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে পারে কি না—এমন প্রশ্নে আইজিপি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজধানীসহ সারাদেশের পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে। ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে আগাম তথ্য সংগ্রহ চলছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ এখন মানবিক হতে চায়, যাতে তাদের দ্বারা কোনো অন্যায় না ঘটে। পাশাপাশি সমাজে মতপার্থক্য দূর করারও চেষ্টা করছে পুলিশ।
পুরান ঢাকার দুর্গাপূজার পরিবেশ তুলে ধরে আইজিপি বলেন, পূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। স্থানীয় পূজা কমিটির শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা ও পারস্পরিক বন্ধন এ উৎসবকে সবার মাঝে ভাগাভাগি করতে সহায়তা করছে।


