আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাও কোনো দলের পক্ষে কাজ করবেন না।”
শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত “নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫”-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।
সিইসি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য কমিশন দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। জাতিকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে কমিশনের ওপর। “আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন করব। আমরা অনুরাগ-বিরাগের বশবর্তী না হয়ে আইন মেনে কাজ করব। অন্যায় বা বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না। সঠিক কাজটাই সঠিকভাবে করার নির্দেশনা থাকবে।”
কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আপনারা কারও পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষাবলম্বন করবেন না। একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, তাই বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা নির্ভর করবে আপনাদের ভূমিকার ওপর।”
এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামীর জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হবে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ এবং প্রবাসীদের ভোট গ্রহণ অন্যতম বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এ সময় নির্বাচন কমিশনের সচিব, অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


