29 C
Dhaka
Wednesday, June 17, 2026

জুলাই বিপ্লব অস্বীকার করলে আ. লীগের মতো পরিণতি হবে : মাওলানা রফিকুল

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না, তারা জুলাই বিপ্লবকেই অস্বীকার করছে। আর জুলাই বিপ্লব অস্বীকার করলে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঢাকা-৬ আসনের সর্বস্তরের ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি আন্দোলনে আলেম সমাজের ভূমিকা রয়েছে। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠনে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে ভূমিকা রাখবেন। তিনি আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শক্তিকে বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

রফিকুল ইসলাম খান বলেন, দুর্নীতিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হওয়া দল এবার ক্ষমতায় যাওয়ার আগেই পাথর-বালু লুটে চ্যাম্পিয়ন হয়েছে। ৫ আগস্ট পরবর্তীতে তারা দেশের মালিক বনে গেছে। সারা দেশে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস চলছে, যা জনগণ প্রত্যক্ষ করছে।

তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের জনগণ ভোটের মাধ্যমে বয়কট করবে। সুষ্ঠু ভোট হলে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে। আলেমদের ঐক্যের আভাসে পুরো জাতি খুশি হলেও একটি দল খুশি হতে পারেনি। কারণ তারা জানে, ইসলামী শক্তির ঐক্য মানেই জনগণের রায় ইসলামের পক্ষে যাবে।

যারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তারা কেন এর বিরোধিতা করছে—প্রশ্ন রেখে তিনি বলেন, এর মানে হলো আবারও জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি করা হচ্ছে। সব দল যখন জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে, তখন একটি দল বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই বিপ্লব অস্বীকার করলে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে। জনগণের প্রত্যাশিত রাজনীতি করতে হবে, নতুবা জনগণ উপযুক্ত জবাব দেবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান ৫ দফা বাস্তবায়নের জন্য—
১. জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান
২. পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. এইচ. এম. আব্দুল হালিম। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে। আলেম-ওলামাদের হারানো সম্মান পুনরুদ্ধার এবং ইমামদের চাকরি জাতীয়করণ করা হবে। ইসলাম ও দ্বীনের প্রশ্নে ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া দ্বীন কায়েম করা সম্ভব নয়। তাই দলমত নির্বিশেষে ইসলাম ও দ্বীনের প্রশ্নে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ