আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা থেকে ২১ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন,
“আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছি। এটি একটি বিশাল কাজ এবং এর মাধ্যমে প্রায় ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে অপসারণ করতে পেরেছি।”
তিনি আরও জানান, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে ৯টি আইন সংশোধন করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতির অনেকটাই সম্পন্ন হয়েছে।
সংলাপে সিইসি আশ্বাস দেন, এবার প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং হাজতে থাকা ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা আগে ভোটাধিকার থেকে বঞ্চিত হতেন, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি যোগ করেন, “দেশে প্রায় ১০ লাখ মানুষ নির্বাচনের দায়িত্বে থাকেন, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন।”
নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সুশীল সমাজের পরামর্শকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এই সংলাপ কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়।
ইসির আয়োজিত সংলাপে অংশ নেন সাবেক কূটনৈতিক এম হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।


