আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে জারি থাকা নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তো নয়ই, নির্বাচনের পরও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হয়, তখন প্রশ্ন ওঠে— তা কি স্থায়ী, নাকি অস্থায়ী? আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এ ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলের সংযোগ ছাড়া সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। তবে সাধারণ ও সরকারি অধ্যাদেশের মাধ্যমে যেগুলো সম্ভব, সেগুলো সংস্কার করেছি। আর জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে— আমাদের প্রধান উপদেষ্টা যে সময় নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা বিদায় নিতে চাই।”


