নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক পর্যালোচনায় নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির পছন্দের তালিকায় প্রথমে রাখা ‘শাপলা’ প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।
এ অবস্থায় কমিশন দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধিমালা অনুযায়ী সংরক্ষিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিয়ে লিখিতভাবে জানাতে বলেছে।
ইসির চিঠিতে জানানো হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তাদের আবেদনপত্রে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী ‘শাপলা’ বর্তমানে নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। ফলে দলটিকে তালিকাভুক্ত প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।
ইসি আরও জানায়, সংরক্ষিত প্রতীক থেকে পছন্দ করা হলে সেটিই দলের জন্য বরাদ্দ ও সংরক্ষিত থাকবে। পরবর্তীতে চাইলে দল প্রতীক পরিবর্তনের আবেদন করতে পারবে।
অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন—
“শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই। আমরা শাপলাই চাই, বিকল্প কিছু ভাবছি না। কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে এবং একটি বিশেষ দলের নির্দেশে আমাদের প্রতীক দিচ্ছে না। প্রতীক তালিকায় শাপলা না থাকলে সেটি অন্তর্ভুক্ত করা উচিত।”
তিনি আরও বলেন, “এনসিপি শাপলার প্রতীকেই অটল থাকবে।”


