জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা না করার অঙ্গীকার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, শেখ হাসিনা উৎখাতের কথা বিবেচনা করে এনসিপির নেতাকর্মীদের প্রতি তিনি সহানুভূতিশীল।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না এসব কথা জানান। তিনি বলেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা মাথায় রেখে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দেয়, আমি একটি অঙ্গীকার করছি — আমি কোনো মামলা করব না।”
মান্নার এই ঘোষণা এনসিপির অনেক নেতার পক্ষ থেকে স্বাগত ও প্রশংসা পেয়েছে।
এ ঘটনার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ একটি পোস্টে মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা, প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী কী বাহানা দেবেন? নিজেকে বিতর্কের মধ্যে না নিয়ে দ্রুত এনসিপিকে শাপলা মার্কা প্রদাণ করুন।”


