27.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

পিআরের দাবিদাররা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে: সালাহউদ্দিন

advertisment
- Advertisement -spot_img

রাজনীতি ডেস্ক |
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা এখন পিআর-পিআর করছেন, তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে ‘বাতাস’ করেছেন।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।”

পিআর পদ্ধতিকে অস্থিতিশীল বলে অভিহিত করে তিনি বলেন, “পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর ব্যবস্থা আছে, সেসব দেশে সবসময় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। এমন ব্যবস্থাকে আমরা সমর্থন করতে পারি না।”

তিনি আরও বলেন, “পিআরে কে এমপি হবে, তা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা দলীয় স্বার্থে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে, তাদের প্রতি আহ্বান—জনগণকে বিভ্রান্ত করবেন না।”

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, “রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির জন্য পিআর ইস্যুতে আন্দোলন করছে যারা, তারাই নির্বাচন বিলম্বিত ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে।”

তবে তিনি বলেন, “জামায়াতের নেতৃত্বে কিছু দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেটি রাজনৈতিক চর্চা। জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। বিএনপিও ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।”

গণতান্ত্রিক আবহে জনগণকে বিভ্রান্ত করার কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “এতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার আশঙ্কা আছে।”

এ সময় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ