27.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

হানি ট্র্যাপে ফাঁসিয়ে সরকারি কর্মকর্তা অপহরণ, নারীসহ চারজন গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর সাভারে হানি ট্র্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তাকে অপহরণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।

ভুক্তভোগী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মেহেদী হাসানকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে চার অপহরণকারীকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রংপুরের পীরগাছা উপজেলার তালুকো গ্রামের শরিফুল (২৫), একই উপজেলার সতাং গ্রামের জয়নাল (২৫), ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের সাকলা আনমনা (১৯) এবং শেরপুরের নকলা উপজেলার নাইরনখোলা এলাকার কাওসার হোসেন কনক (২০)।

পুলিশ জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে ফাঁদে ফেলে সাভারের মিনি চিড়িয়াখানার সামনে ডেকে আনা হয়। পরে তাকে অপহরণ করে গোপন স্থানে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।

ভুক্তভোগীর পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালিয়ে জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, “চক্রটি সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনিতে ভাড়া বাসায় থেকে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করে অপহরণ করত। তাদের কাছ থেকে একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ