বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৬ অক্টোবর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না।”
তিনি জানান, বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। গোলাম পরওয়ার বলেন, “সব রাজনৈতিক দল যদি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে”—এই কথা তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির।
এ সময় ফিলিস্তিন ইস্যু নিয়েও আলোচনা হয়। গোলাম পরওয়ার বলেন, “বৈঠকে ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অবস্থানের প্রশংসা করেছেন জামায়াত আমির। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।”


