বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস তার মাকে প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের শেয়ার উপহার দিয়েছেন। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার মাকে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ শেয়ার হস্তান্তরের তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
তথ্য অনুযায়ী, ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।
এর আগে, গত রোববার (৫ অক্টোবর) ডিএসইর মাধ্যমে মাকে উল্লিখিত পরিমাণ শেয়ার দেওয়ার ঘোষণা দেন ইয়াসির আব্বাস।
প্রসঙ্গত, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তার স্বামী মির্জা আব্বাস ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা ছিলেন। বর্তমানে ব্যাংকের পরিচালনা পর্ষদে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস কেউই নেই। এ শেয়ার হস্তান্তরের পর ব্যাংকটির প্রায় ৩ শতাংশ মালিকানা এখন আফরোজা আব্বাসের হাতে এসেছে। ফলে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন।
এদিকে, একই দিনে ব্যাংকের আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এটিএম হায়াতুজ্জামান ব্যাংকটির একজন উদ্যোক্তা। আজকের শেয়ারদর ১১ টাকা ৩০ পয়সা হিসেবে ওই শেয়ারের মূল্য প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। এর বিপরীতে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯টি। বর্তমানে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ব্যাংকের ৪০ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।


