পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে—এর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ।”
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া সংক্রান্ত একটি মিটিং শেষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা জাতিকে দাসত্ব থেকে মুক্ত করার কথা বলেছেন। তিনি মনে করেন, দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগাতে হবে।”
তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। চলতি মাসে জাতিসংঘ এ বিষয়ে একটি অ্যাসেসমেন্ট করবে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে।
প্রেস সচিব আরও জানান, দেশের চালের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে অংশ নিতে ১২ অক্টোবর রোম সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ৯টি লিজিং কোম্পানি বাতিল করা হবে।
তিনি বলেন, “শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছিল, সেজন্য ব্যাংক খাত তেমন উন্নতি করতে পারেনি।”
ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, “বিগত সরকারের সময় সৃষ্ট কিছু জটিলতা এখনো রয়ে গেছে। প্রধান উপদেষ্টা এসব সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।”
এছাড়া, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, “আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক বিবিএ পাস শিক্ষার্থী বের হলেও বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক দক্ষ জনশক্তির চাহিদা এখন বেশি।”


