নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রোড ব্লকেড কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
বক্তারা আরও বলেন, “একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, এবং সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, জামায়াতে ইসলামী বসুরহাট পৌর আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আমির হোসেন বিএসসি প্রমুখ।
এ সময় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমি বাজার সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, চরহাজারী ইদগাহ যুব ও সামাজিক কল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিসহ প্রায় ৩০টি সংগঠন নোয়াখালী বিভাগ দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।


