28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরেই গণভোট চায় জামায়াত

advertisment
- Advertisement -spot_img

আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছে দলটি।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান।

জামায়াতের এই নেতা বলেন, “বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত ৫৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে ‘দিনের ভোট রাতে’ হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই আমরা কমিশনকে বলেছি, বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতিরও প্রস্তুতি নিতে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে না করে আলাদা করে আয়োজন করতে হবে। একসঙ্গে হলে প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটের গুরুত্ব হারাবে।”

তিনি আরও বলেন, “একই দিনে গণভোট হলে রিফর্মস ইস্যু মাইনর হয়ে যাবে। সবাই নিজের দলের প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকবে। বরং আলাদা দিন হলে মানুষ মনোযোগ দিয়ে ভোট দিতে পারবে। অতীতে ১৭ বা ২১ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে। এতে খুব বেশি বাড়তি ব্যয়ও হয় না, শুধু ব্যালট ও কিছু আনুষঙ্গিক খরচ বাড়ে।”

বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এ পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে চালু রয়েছে।

ইসি জানায়, সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে তারা সক্ষম এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়। ইসি জানায়, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন।

অন্যান্য দাবির মধ্যে জামায়াত জালভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার প্রস্তাব দিয়েছে এবং ইসি ছবিসহ ভোটার তালিকার কথা জানিয়েছে। পাশাপাশি, নির্বাচনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং রিটার্নিং কর্মকর্তার নিয়োগ লটারির মাধ্যমে করার আহ্বান জানিয়েছে দলটি।

ইসি সূত্রে জানা গেছে, কমিশন এখন পর্যন্ত গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ