শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের আচরণের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন
সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে—কমিশনেই তা প্রদান করার ক্ষমতা রয়েছে। যদি প্রতীক দিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হয়, তার দায় কমিশনকে নিতে হবে।”
তিনি আরও বলেন, ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই এবং ইসি চাইলে শাপলা প্রতীককে তালিকাভুক্তও করতে পারে।
অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’
প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থান নিয়েছে এনসিপি। এ নিয়ে দলটি ইসির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ও চিঠি দিয়েছে। এনসিপি নেতারা বিভিন্ন সময় হুঁশিয়ারি দিয়েছেন—প্রয়োজনে প্রতীক পাওয়ার জন্য রাজপথে লড়াই করবেন এবং নির্বাচনে অংশগ্রহণও পুনর্বিবেচনা করতে পারেন।


