জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন স্থাপন রোধে শক্ত নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শারমিন এস মুরশিদ বলেন, “আমি এখানে দেখতে এসেছি, যেখানে এ ধরনের কেমিক্যাল রাখা হয়—এগুলো সম্পূর্ণ বেআইনি। প্রথমেই সরকারের জরুরি তদন্ত করা উচিত, যারা এসব করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমাদের একটি স্ট্রং পলিসি থাকতে হবে, যাতে জনবহুল এলাকায় এ ধরনের গোডাউন আর না থাকে।”
তিনি আরও বলেন, “এর আগেও পুরান ঢাকায় একই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছিল। ওখান থেকেও এসব গোডাউন সরানো হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, এগুলো শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তাই দ্রুত এগুলো শনাক্ত করে জনবহুল এলাকা থেকে সরিয়ে দিতে হবে। প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনতে হবে।”
অগ্নিকাণ্ডে নিহতদের বিষয়ে উপদেষ্টা বলেন, “যে মানুষগুলো মারা গেছেন, আমরা হাসপাতালে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছি। সমাজকর্মীরা সেখানে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করব।”
নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, “তাদের খোঁজে তদন্ত করতে হবে। এজন্য বিশেষজ্ঞদের সহযোগিতা প্রয়োজন। এক্সপার্টদের পরামর্শ নিয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”
শেষে শারমিন এস মুরশিদ বলেন, “যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় থাকবে। আমরা তাদের পুনর্বাসন ও সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”


