সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি (পিআর) নামে কেউ কেউ নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এক আলোচনা ও সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয়ভাবে যারা সেইদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে এই নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাব—এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে।”
আরও বলেন, “ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে যে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বিচার করা হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে—তাকেও নিষিদ্ধ রাখতেই হবে।”


