এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি মনে করেন, এই সিদ্ধান্ত আগে নিলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ক্ষতি এড়ানো যেত।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান জামায়াতের আমির।
তিনি লিখেছেন, “বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্রছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।”
এই বিবেচনাটি আগে করলে শিক্ষকদের কষ্ট এবং শিক্ষার্থীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান আরও বলেন, “সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।”


