ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখযুদ্ধে নিহত হওয়ার পর তার মরদেহ নিয়ে যায় ইসরায়েলি সেনারা।
সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত না দিয়ে পুড়িয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন। বর্তমানে তার এই প্রস্তাব বিবেচনা করছে ইসরায়েলি নিরাপত্তা কর্তৃপক্ষ।
রেগেভ অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামা-কে বলেন,
“আমি মনে করি, মার্কিনিরা ওসামা বিন লাদেনের সঙ্গে যা করেছে, আমাদেরও সেটাই করা উচিত। আমি মন্ত্রিসভায় প্রস্তাব দিয়েছি যে, কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন,
“সিনাওয়ারের মরদেহ হামাসের হাতে গেলে এবং সেটি কবরস্থ হলে মানুষের সহানুভূতি জাগতে পারে। মধ্যপ্রাচ্যের বাস্তবতা বিবেচনায় আমার বিশ্বাস, কোনোভাবেই তাকে কবরস্থ করা উচিত নয়।”
উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। কবরস্থ করলে কবর কেন্দ্র করে মাজার তৈরি হতে পারে—এই আশঙ্কা থেকে তার মরদেহ সমুদ্রে ফেলে দিয়েছিল মার্কিন সেনারা।
সূত্র: ইয়েনেত নিউজ


