আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেন, “আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন সেই মামলার অভিযুক্ত। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।”
জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন, তাদের মধ্যেই একজন বর্তমানে এই ১৫ জনের দলে আছেন।
এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ওই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।


