স্টাফ রিপোর্টার:
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃজন করা হবে। যে জাতি ধর্মীয় ও নৈতিকতার ওপর সমুন্নত থাকে, সেই জাতির কখনো পরাজয় হয় না।”
তিনি আরও বলেন, “বিগত দিনে কিছু সংগঠনের মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। নীতি-নৈতিকতা বিবর্জিত কোনো জাতি শক্তিশালী ও মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়াতে পারে না।”
বিএনপির এই নেতা বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তবে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ও উৎপাত বন্ধ হবে। জাতীয় ঐক্য ও মূল্যবোধের চর্চাই পারে দেশের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয় রোধ করতে।”


