28.6 C
Dhaka
Monday, June 15, 2026

সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি: উপদেষ্টা রিজওয়ানা

advertisment
- Advertisement -spot_img

স্টাফ রিপোর্টার:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে আমরা জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, যার ফলে এখন সুপার মার্কেটগুলোতে আর পলিথিন পাওয়া যায় না।”

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ধাঁধার চর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নদীদূষণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “একজন একজন করে নদী দূষণকারীকে শনাক্ত করতে হবে। দূষণকারীদের সেন্ট্রাল ইটিপি (বর্জ্য শোধনাগার) ব্যবস্থার আওতায় আনা বা প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াসহ সব বিকল্প নিয়েই আমরা কাজ করছি। চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতদূর সম্ভব অভিযান চালাচ্ছি।”

তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্প প্রায় চূড়ান্ত হয়েছে। “আশা করছি, প্রকল্পটি ডিসেম্বরের মধ্যেই পাস হয়ে যাবে। এতে পরিবেশ অধিদপ্তরের জন্য আলাদা বরাদ্দ, জনবল ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা আরও কার্যকরভাবে নজরদারি চালাতে পারে,” বলেন তিনি।

শিল্প দূষণ নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “শুধু শিল্প দূষণ বললে হবে না। আমরা এখনো পয়োবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। এই সব ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করলেই নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে।”

পরিবেশ আন্দোলনের কর্মীদের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “পরিবেশবাদীরা আমাকে সাহায্য করছেন, আমিও আমার অবস্থান থেকে তাদের সহায়তা করে যাব। আমরা একে অপরের সহযোগী শক্তি হিসেবে কাজ করব।”

এ সময় উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ