ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করলে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন সম্ভব। তার জীবনাদর্শই আলোকিত জীবনের পথপ্রদর্শক।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি।
ড. খালিদ হোসেন বলেন, “হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণে জীবন পরিচালনা করার মধ্যেই সকল কল্যাণ নিহিত রয়েছে। আমরা যদি তার আদর্শে চলতে পারি, তাহলে ইহকাল ও পরকালে সফল হতে পারব।” তিনি সর্বক্ষেত্রে রাসুল (সা.) এর সীরাত অনুসরণের আহ্বান জানান।
পাপের পরিণতি সম্পর্কে তিনি বলেন, “পাপ মানুষকে ধ্বংস করে দেয়। পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হবে। পদস্খলন হলেই তওবা করতে হবে। সবাইকে সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতে হবে।”
হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, “ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে অর্জিত ধনসম্পদে বেড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটিই কবুল হবে না।”
তিনি আরও বলেন, “সব কৃতকর্মের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পাপ করলে শাস্তি ভোগ করতেই হবে। দুদকের হাত থেকে বাঁচা সম্ভব হলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই।”
অনুষ্ঠানে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরীর সভাপতিত্বে সহসভাপতি লুৎফুল কবির সাদীসহ অন্যান্যের বক্তব্যে সীরাতুন্নবী (সা.) এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।


