বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা করতে পারবে না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ। আর কত? আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট দিন। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম।
‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের’ দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ফয়জুল করিম বলেন, “আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এদেশ শাসন করেছে, তারা বৈষম্য দূর করতে পারেনি। শুধু দেশ, দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসতে পারে না।”
তিনি আরও বলেন, “এদেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, তবুও ভাগ্যের পরিবর্তন হয়নি।”
তার ভাষ্য অনুযায়ী, “চোর যদি এমপি হয়, সে কী করবে? আওয়ামী লীগকে যে চাঁদাবাজি ও জুলুমের জন্য তাড়িয়েছে এদেশের মানুষ, সেই চাঁদাবাজি কি এখন নেই? যে ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সে ধর্ষণ কি এখন হচ্ছে না? যে দখলদারির জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে, এখন কি সে দখলদারি হচ্ছে না?”


