সংসদ নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এসময় আখতার আহমেদ আরও জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই সম্পন্ন হবে।
এনসিপির প্রতীক বিষয়ে তিনি বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।”
গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশনের কাছে এখনো গণভোট সংক্রান্ত কোনো তথ্য বা প্রস্তাব আসেনি।


