ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে সেটি বাতিলের ঘোষণা দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে একশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ আহ্বান জানান।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় আমরা বলেছি—যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে তিনি যেন ঘোষণা দেন যে সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন।”
তাহের আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। নির্বাচনের আগে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার টেলিভিশনে প্রচার করা উচিত, যাতে দেশবাসী প্রত্যক্ষভাবে তা দেখতে পারে।
আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “দলগুলো আন্তরিক হলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে, জামায়াত তাদের ‘গলায় মালা দেবে।’”
দেশে নেতৃত্বের সংকট ও দুর্নীতিকে জাতির ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, “পরিবর্তনের পর যারা নেতৃত্বে এসেছে, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। দুর্নীতি, বৈষম্য ও সুশাসনের অভাব সমাজে পচন ধরিয়েছে।”
তবে তিনি জুলাই অভ্যুত্থানকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করে বলেন, “এই অভ্যুত্থানে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষই কৃষক, শ্রমিক, দিনমজুর—কিন্তু পরিবর্তনের পর এই শ্রেণির মানুষদের অবহেলা করা হয়েছে।”
কর্মসংস্থানের বিষয়ে প্রশ্নের জবাবে তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলামসহ নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


