শাপলা এবং শাপলা কলি প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, বিভিন্ন সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও সংশোধন করা হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শাপলা প্রতীক বিধিমালায় না থাকায় কোনো দলকে দেওয়া যাবে না—এমন পরিস্থিতিতে শাপলা কলি কীভাবে তালিকায় অন্তর্ভুক্ত হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, “প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।”
তিনি বলেন, “ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারো চাপ বা দাবির ভিত্তিতে করা হয়নি। যদিও একটি দল শাপলা দাবি করেছিল, তবে শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তাই করা হয়েছে।”
আখতার আহমেদ আরও বলেন, “কে চেয়েছে বা কে চায়নি সেটা বিষয় নয়। সিদ্ধান্ত কমিশনের। প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও সংশোধন করা হবে।”
প্রসঙ্গত, নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে এলেও শাপলা বিধিমালায় না থাকায় তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল ইসি।


