নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নারীর প্রতি যত্নশীল হওয়া যেমন সামাজিক দায়িত্ব, তেমনি জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে তাদের ক্ষমতায়ন সম্পূর্ণ হয় না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব এবং প্রজনন স্বাস্থ্যজনিত নানা সমস্যার মুখোমুখি হন। এসব এলাকায় নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতালের মতো উদ্ভাবনী উদ্যোগ জরুরি।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প কিংবা উপকূলের প্রত্যন্ত এলাকায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তারা মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করছেন।
নারীর প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে ‘নিষিদ্ধ’ ভাবা ভুল উল্লেখ করে তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখাতে হবে। নীরবতা নয়, নারীর স্বাস্থ্য নিয়ে সচেতন আলোচনা প্রয়োজন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এখনো দেশে অনেকের কাছে প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন যত্ন বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব নিতে হবে।
সমাজে নেগেটিভিটি ছড়ানোর প্রবণতা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশ্বাস, প্রত্যাশা ও ইতিবাচক চিন্তা অপরিহার্য। নারী স্বাস্থ্য ও শিক্ষা সেই ইতিবাচকতার ভিত্তি গড়ে দিতে পারে।


