আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এই তালিকায় দলটির তিন পরিচিত মুখ—বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তবে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মো. শরীফুজ্জামান। উল্লেখ্য, দুদু ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এবং একই বছরের জুনের সপ্তম সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এদিকে ঢাকা-১৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলানগর থানার অংশ নিয়ে গঠিত এই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও প্রার্থিতা প্রত্যাশী ছিলেন। তিনি বরিশাল-২ আসন থেকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


