28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই ‘গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী

advertisment
- Advertisement -spot_img

বিএনপির প্রার্থী তালিকা ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, বিএনপির ঘোষিত প্রার্থীদের বেশিরভাগই গডফাদার ও প্রভাবশালী ব্যক্তি, যেখানে তরুণ ও নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, “বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পর তারা তরুণ নেতৃত্বকে সুযোগ দেবে। কিন্তু দেখা গেল ছাত্রদল ও যুবদলসহ তরুণদের কৌশলে বাদ দেওয়া হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “তারেক রহমান দেশে আসছেন শুনে খুশি হয়েছি। আরও আগেই আসা উচিত ছিল। আমরা একসঙ্গে বসতে চাই। খালেদা জিয়াকেও অভিনন্দন—তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গণতন্ত্রের প্রতীক।”

গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “গণঅভ্যুত্থান না হলে হয়তো তিনি (খালেদা জিয়া) নির্বাচনে অংশ নিতে পারতেন না। তাই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত।”

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ড. ইউনূসকে দিতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের সুযোগ নেই এখানে। যদি এমন চেষ্টাও হয়, ছাত্রসমাজ আবার মাঠে নামবে।”

ছোট দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “১–২টি আসন দিয়ে ছোট দলগুলোর পরিচয় মুছে দিতে চায় বড় দলগুলো। প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। বড় দল যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, তবে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “আমরা বিএনপি বা জামায়াতকে ভয় পাই না। জনগণের পক্ষেই দাঁড়িয়েছি। বিএনপি ও জামায়াত সুবিধা নেওয়ার প্রতিযোগিতায় আছে। সরকারকেও তাদের বোঝাতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ