মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের চর্চা সম্ভব নয়, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে এখন ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বাণীতে তারেক রহমান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছে। নতজানু নীতির কারণে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়েছে। গণতন্ত্রের পক্ষে থাকা নেতা–কর্মীদের ওপর চালানো হয়েছে দমন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ভয়াবহতা। দুর্নীতি ও অপশাসনে তারা দেশকে এক অন্ধকার অধ্যায়ে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে বছরের পর বছর অবরুদ্ধ রাখা হয়েছে। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, ফলে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ উন্মুক্ত হয়েছে। এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা।’
তারেক রহমান আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর আগ্রাসন চালিয়েছে। তাই ৭ই নভেম্বরের চেতনায় জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য অপরিহার্য।’
তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী দিন হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই দিনে সিপাহী–জনতার বিপ্লব দেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে মুক্ত করেছিল। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসে।’
একই দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘৭ই নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। সিপাহী–জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে রাজনৈতিক শূন্যতা পূরণ করেন। এই বিপ্লবের মধ্য দিয়েই দেশ ফিরে পায় আইনের শাসন, বাকস্বাধীনতা ও সামাজিক শান্তি।’
মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন জাতির মুক্তির দিকনির্দেশক। তাঁর নেতৃত্বেই জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটে এবং বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। তাই ৭ নভেম্বরের বিপ্লব জাতীয় জীবনে অনন্য তাৎপর্য বহন করে।’


