নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই অনশন তিনি চালিয়ে যাচ্ছেন নিবন্ধন না পাওয়া পর্যন্ত।
এবার তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানান তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. তারেক রহমান।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলের নিবন্ধনের দাবিতে সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।


