34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

‘দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সঙ্গে আপস করবে না জামায়াত’ — ডা. শফিকুর রহমান

advertisment
- Advertisement -spot_img

ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াতে ইসলামী কারও সঙ্গে আপস করবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “জামায়াত প্রতিশ্রুতির রাজনীতিতে নয়, বরং কথা ও কাজের মিল রেখে দেশ ও জাতিকে নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

গতকাল শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড় এলাকায় ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে কিছু দল ও ব্যক্তি দেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সেই ওয়াদা রাখে না। গত ৫৪ বছরে দেশের মানুষ বারবার ধোঁকা খেয়েছে। এবার এসব ধোঁকাবাজদের না বলতে হবে। কেবল কথামালায় নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশ কারও নির্দেশনায় চলবে না। কাউকে ‘দাদা’ বা ‘বড় ভাই’ হিসেবে মানা হবে না। আমরা আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলব। কারও সঙ্গে বৈরিতা নয়, বরং বন্ধুত্ব ও সমতার ভিত্তিতেই হবে আমাদের পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতিতে আমরা কারও রক্তচক্ষুকে পরোয়া করব না।”

তিনি নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা এমন এক যুব সমাজ গড়ে তুলতে চাই যারা সরকারের মুখাপেক্ষী না হয়ে স্বতঃপ্রণোদিতভাবে দেশকে এগিয়ে নেবে।”

জামায়াতের আমির আরও বলেন, “আমরা এতদিন অতীত নিয়ে ব্যস্ত থেকেছি, তাই বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে ইতিবাচক পরিবর্তনের। জাতির ভাগ্য পরিবর্তনে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, আল্লাহ সুযোগ দিলে সরকার গঠন করে জামায়াত নৈতিক ও আধুনিক শিক্ষা চালু, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং সভ্য ও উন্নত দেশগুলোর সঙ্গে শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

এর আগে ডা. শফিকুর রহমান পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন। পরে তিনি পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ