আমজনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অনশন ভাঙার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।
ইসি সচিব বলেন, “তারেক সাহেব আমজনতার পার্টির রেজিস্ট্রেশনের জন্য অনশনে আছেন। আইনগতভাবে আমাদের দিক থেকে যা বলার, সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন ওনারা আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি আছে সেগুলো পূরণ করে দিতে পারেন।”
তিনি আরও বলেন, “আপিল বা সংশোধন, পরিমার্জন, সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রথা। আমি আন্তরিকভাবে অনুরোধ করব যেন তিনি অনশন ভেঙে আইনগতভাবে বিষয়টি সুরাহার দিকে নিয়ে যান।”
আপিল কোথায় করতে হবে—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আপিল করবেন কমিশন সচিবালয়ে। কেননা চিঠিপত্র সচিবালয় থেকেই যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিল করতে পারেন।”
কত দিনের মধ্যে আপিল করতে হবে জানতে চাইলে তিনি বলেন, “কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। এখনো করতে পারেন, আগামীকালও করতে পারেন। এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।”
আইনের বাইরে গিয়ে বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “না, আইনের বাইরে নয়। আবেদন করা আইনবিরুদ্ধ কিছু নয়। কোনো দল যদি কোনো সিদ্ধান্তের সঙ্গে একমত না হয়, তারা পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। কমিশন সেটি বিবেচনা করবে কি না, সেটি পরের বিষয়।”
তিনি বলেন, “আমি শুধু এটুকু বলতে চাই—সীমাবদ্ধতার ভেতরে যেন আমরা না আসি; বরং আলোচনার মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করাই শ্রেয়।”


