দাবি আদায়ে মানুষ নানা ধরনের কর্মসূচি পালন করে— কেউ সমাবেশ, কেউ মিছিল, কেউ আবার আমরণ অনশন করেন। অনশন এমন এক শান্তিপূর্ণ আন্দোলন, যেখানে কেউ ক্ষতিগ্রস্ত না হলেও অনশনকারী নিজেই অসুস্থ হয়ে পড়েন। তাই দীর্ঘ সময় অনশন করলে শারীরিক জটিলতা দেখা দেয় এবং কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে সাধারণত অনশন ভাঙানো হয়।
আমাদের দেশে অনশন ভাঙানোর সময় প্রায়ই দেখা যায়— অনশনকারীকে ডাবের পানি খাইয়ে অনশন শেষ করানো হয়। অনেকের মনে প্রশ্ন জাগে, কেন বিশেষভাবে ডাবের পানি?
দীর্ঘ সময় অনশন করলে শরীরে কী ঘটে
পুষ্টিবিদদের মতে, না খেয়ে থাকলে শরীরে নানা জটিলতা দেখা দেয়—
- রক্তচাপ কমে যেতে পারে, মাথা ঘোরা ও ক্লান্তি আসে।
- হজমপ্রক্রিয়া দুর্বল হয়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়।
- শক্তির ঘাটতি ও রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।
- দীর্ঘ সময় না খেলে পেটের এনজাইম ক্ষতিগ্রস্ত হয় এবং অন্ত্রের কাজ ধীর হয়ে যায়।
অর্থাৎ, অনশন শেষে যদি হঠাৎ ভারী খাবার খাওয়া হয়, তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।
কেন ডাবের পানি
ডাবের পানি প্রকৃতিগতভাবে হালকা, পুষ্টিকর ও দ্রুত শোষণযোগ্য এক পানীয়। এতে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ, ইলেকট্রোলাইট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ও ভিটামিন সি— যা অনশন শেষে দুর্বল শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, অ্যাসিডিটি কমায় ও হজমতন্ত্রকে ধীরে ধীরে সক্রিয় করে তোলে।
একইসঙ্গে এটি ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে। ফলে অনশন শেষে ভারী খাবারে না গিয়ে প্রথম ধাপে ডাবের পানি খাওয়া সবচেয়ে নিরাপদ ও উপকারী পদ্ধতি।


