34 C
Dhaka
Sunday, June 14, 2026

দিল্লির ষড়যন্ত্রে ১৩ তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে: গোলাম পরওয়ার

advertisment
- Advertisement -spot_img

দিল্লির ষড়যন্ত্রে আগামী ১৩ নভেম্বর লকডাউনের নামে আওয়ামী লীগ নতুন নাশকতার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পাঁচ দফা দাবিতে সমমনা আটটি রাজনৈতিক দলের পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ের এই বিশাল সমাবেশ আগামী দিনের রাজনীতির জন্য একটি মাইলফলক হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় নয় মাস ধরে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নানা সংস্কারে প্রায় একমত হয়েছিল। কিন্তু ২৬ ফেব্রুয়ারির নির্বাচন ঘোষণার পর থেকে বিভিন্ন মহল থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, যারা দাবি করছেন একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা হবে—এগুলো কিভাবে সম্ভব? বাংলাদেশের সব সংবিধান বিশেষজ্ঞ একমত যে, জুলাই জাতীয় সনদে ৪৮টি বিষয়ে সংবিধানে বিস্তর সংস্কার হয়েছে—যেমন দলের প্রধান ও সরকারের প্রধান আলাদা থাকবে, সাংবিধানিক পদে পৃথক নিয়োগ কর্তৃপক্ষ থাকবে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ইত্যাদি। “গণভোট যদি আইনি ভিত্তি না হয়, তাহলে কীসের উপর ভিত্তি করে জাতীয় নির্বাচন হবে?”—জিজ্ঞাসা করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, তাদের পাঁচ দফায় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিও ছিল এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে—এটির জন্য তারা ধন্যবাদ জানায়। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “যখন এই নভেম্বরে কিছু অপরাধীর রায়ের সম্ভাবনা আছে, তখন ফ্যাসিস্টরা বাংলাদেশজুড়ে ককটেল, গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে।”

সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা শুনছি ঢাকার হোটেলগুলোতে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে—তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালান। সাথে সাথে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি করুন। তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ