সারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়া বিজয় স্তম্ভে এসে পথসভায় শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক মুখপাত্র সারফারাজ হক সজীব প্রমুখ।
বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, “সারা দেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছে তাতে প্রমাণিত হচ্ছে তারা গণমানুষের দল নয়। আমরা এই সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রস্তুত আছি।” তিনি আরও জানান, আগামীকাল সকল যানবাহন ও দোকানপাট খোলা থাকবে এবং কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যদি নাশকতা করার চেষ্টা করে, তাদের ধরিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই হস্তান্তর করা হবে।
মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


