খতমে নবুওয়তের আকিদার ওপর জোর দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা মুসলমান—লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী। আমার পরে কোনো রাসুল আসবে না। যদি কেউ এর পরে নবুয়ত দাবি করে বা নিজেকে নবী ঘোষণা করে, তাহলে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নেই… যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।”
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন—যা এখনো বহাল আছে। কিন্তু মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস—যা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল—তা তুলে দেওয়া হয়েছে। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ আমরা সেটি পুনর্বহাল করব।”
মহাসম্মেলনে উত্থাপিত সব দাবি—বিশেষ করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা—জাতীয় সংসদে আলোচনা করে আইনানুগভাবে কার্যকর করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “যদি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেন… তাহলে আজকের এই সমস্ত দাবি-দাওয়া সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।”
মুসলিম উম্মাহর বর্তমান দুরবস্থার জন্য বিভক্তিকেই দায়ী করে তিনি আল্লামা ইকবালের কবিতা উদ্ধৃত করে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যদি মিল্লাতে ইসলামী আমরা একাট্টা থাকি, তাহলে আমাদের শক্তি অপরিসীম। কিন্তু বিভক্তির কারণেই আজ ফিলিস্তিনে নির্মম হত্যাযজ্ঞ চলছে, রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে—সবই আমাদের দুর্বলতার কারণে।”
সবশেষে তিনি সব দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকার এবং জাতীয় সংসদে সহযোগিতা করার আহ্বান জানান।


