জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধ করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা চাই প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক। ১৯৭১ সালের যুদ্ধে তারা আমাদের সহায়তা করেছে—এ কারণে বাংলাদেশের প্রতি তাদের আরও বেশি সহযোগিতা থাকা উচিত।”
তিনি অভিযোগ করে বলেন, গত সরকার ও নরেন্দ্র মোদি সরকারের সময়ে ভারত বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছে, ন্যায্য প্রাপ্য না দিয়ে বরং নিজেদের স্বার্থই বেশি নিশ্চিত করেছে। “এটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের ব্যর্থতা—তারা বাংলাদেশের জন্য কিছু আদায় করতে পারেনি,” মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, বাণিজ্য ঘাটতি কমানোসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের সব প্রশ্নে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। “এগুলোই হবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা,” বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ওদের মন্ত্রীদের বক্তব্য তো শুনেছেন—ভারতে গিয়ে তারা দেনদরবার করে, স্বামী-স্ত্রী সম্পর্কের উদাহরণ দেয়। এতে সম্পর্কের সমমর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমাদের ইক্যুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে। দেশের স্বার্থকেই আগে রাখতে হবে।”


