আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিবেশ, মাঠপর্যায়ের প্রস্তুতি, জননিরাপত্তা এবং পর্যটন এলাকাগুলোর বিশেষ নজরদারি নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই সরকারের প্রধান লক্ষ্য।


