সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জনগণ চাইছেন প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত থাকুক। তার মতে, নির্বাচনী ব্যয় কমানো না গেলে দেশে দুর্নীতি হ্রাস করা কঠিন হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর পবার বায়া এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, “নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় পরিণত হয়েছে। সবাই আশা করছেন নির্বাচন যথাসময়ে হবে এবং তা হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।” তিনি মনে করেন, আসন্ন নির্বাচনের ফলাফল আগামী দিনের বাংলাদেশ গঠনের প্রচেষ্টাকে আরও গতিময় করবে।
তিনি আরও বলেন, “আগে নেতারা বলতেন, জনগণ শুনত। এখন জনগণ পরিবর্তন চায়। তারা চায় প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত থাকবে। জনগণ মনে করে, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করা না গেলে দুর্নীতি কমানো মুশকিল হয়ে যায়।”
পরামর্শসভায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন। সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নসংক্রান্ত নানা দাবি ও প্রত্যাশাও আলোচনায় উঠে আসে।


