28 C
Dhaka
Saturday, June 13, 2026

সাবেক আইজিপি মামুনের সাজা ন্যায়বিচারের পরিপূর্ণতা নয়: ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

advertisment
- Advertisement -spot_img

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের সাজা ন্যায়বিচারের পূর্ণতা অর্জন করেনি। তিনি দাবি করেন, মামুনের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলেন তারা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এর আগে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, “সবারই প্রত্যাশা ছিল শেখ হাসিনার মামলার রায় দ্রুত হোক। ৫ আগস্টের পর আমরা সারাদেশে গণমিছিল, বিক্ষোভসহ নানা কর্মসূচির মাধ্যমে বিচারের দাবি জানিয়েছি। ধীরগতিতে হলেও রায় এসেছে, তবে এটি পর্যাপ্ত নয়। দ্রুত রায় কার্যকর করতে হবে।”

তিনি আরও বলেন, যেহেতু শেখ হাসিনা প্রতিবেশী দেশে অবস্থান করছেন, তাই পররাষ্ট্রনীতির আলোকে তাকে হস্তান্তরের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ছাত্রলীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ দাবি করে তিনি আরও বলেন, “ছাত্রলীগ অতীতে প্রতিটি ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি ও ছাত্ররাজনীতির কলুষিত রূপ সৃষ্টি করেছে। জুলাই–আগস্টের আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ছাত্রশিবির ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন নাবিল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সোহেল, স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ