34 C
Dhaka
Sunday, June 14, 2026

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোলটস তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে শেখ হাসিনার রায়-পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

নির্বাচনের তারিখ জানতে চাইলে তিনি বলেন, আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণ নির্বাচন কমিশনের এখতিয়ার।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেকোনো তারিখ নির্ধারণ করুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনার রায়-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

অপরাধের মাত্রা প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

তিনি আরও বলেন, মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে—যা বিগত ১৫ বছরে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার’ আমলে সম্ভব ছিল না।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনিয়া কেরস্টেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ