জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা জানতে চান—শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে অস্থিরতা তৈরির কোনো আশঙ্কা আছে কি না, বিশেষ করে বিজয় দিবস ঘিরে। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও অস্থিরতার শঙ্কা নেই। কোনো কর্মসূচিতেই পরিবর্তন নেই। আগের মতোই সব অনুষ্ঠান হবে। শুধুই গতবার প্যারেড হয়নি, এবার প্যারেড হবে।”
এ সময় সাংবাদিকরা আরও জানতে চান—গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া কি অপরাধ নয়? গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নিয়ে পরে ফেরত দেওয়া হয়েছে—এই অভিযোগের বিষয়ে তাঁর মতামত কী। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“এই বিষয়টা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর জানার চেষ্টা করব।”
আরো প্রশ্ন আসে—এভাবে তুলে নেওয়া কি অপরাধ? উত্তরে তিনি বলেন,
“এটা আমি দেখবো।”


