34 C
Dhaka
Sunday, June 14, 2026

কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো: জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে যদি কেউ মাসল পাওয়ার বা অর্থের প্রভাবে অন্যের ভোট ‘হাইজ্যাক’ করতে চায়, তবে যুবকরা প্রতিরোধে ‘বিস্ফোরিত’ হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামায়াতের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যুবকদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, তা আমরা বরদাস্ত করব না। যুবকেরা তাদের ভোট নিজেরাই দেবে। আমরা পাশে থেকে লড়াই করব।”

শেখ হাসিনার রায় নিয়ে মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এই রায়ের মধ্য দিয়ে কিছু মজলুমানের কান্না থামবে। স্বজনহারা পরিবারগুলো কিছুটা সান্ত্বনা পাবে। লাইভ সম্প্রচারের কারণে বিচারটি ন্যায়বিচারের মানদণ্ডে পৌঁছেছে।”

চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী অবস্থান

তিনি বলেন, “চাঁদা মুক্ত হলে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে। হকার থেকে শুরু করে বড় ব্যবসায়ী—কেউ চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না।”

দুর্নীতিকে দেশের বড় বিপদ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দ্বিতীয় প্রায়োরিটি দুর্নীতি নির্মূল। বর্তমানে দুর্নীতি আকাশচুম্বী। কোনো বাধাই আমাদের লড়াই থামাতে পারবে না।”

ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াত আমির বলেন, “বিচারকেরা সম্মানের জায়গায় থাকবেন। বিচার হবে দল-মত নির্বিশেষে। আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে থেকে অপরাধে জড়াই, আমার প্রতিও যেন ন্যায়বিচার হয়।”

অর্থব্যবস্থা সংস্কারের ঘোষণা

তিনি অভিযোগ করেন, ব্যাংক, বীমা, করপোরেশন ও শিল্পখাত লুটপাটে ধ্বংস হয়ে গেছে। ক্ষমতায় গেলে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।

পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক

তিনি বলেন, “সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব। কিন্তু কারো প্রভুত্ব মেনে নেব না। স্বাধীন দেশের মতো স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তুলব।”

নারীদের কর্মঘণ্টা কমানোর ব্যাখ্যা

কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবের ব্যাখ্যায় তিনি বলেন, “একজন নারী শুধু কর্মী নন, তিনি মা—সভ্যতার কেন্দ্রবিন্দু। কর্মঘণ্টা কমালে তারা মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন এবং পরিবারকে সময় দিতে পারবেন।”

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ