জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এসব পোস্টে বলা হয়, ওই আসনে জামায়াতের পূর্বঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে জামায়াত জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনেই প্রার্থী পরিবর্তন করা হয়নি। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে ‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন প্রতিটি আসনে পূর্বঘোষিত প্রার্থীরাই বহাল আছেন। সেগুলো হলো—
- ঢাকা–৪: সৈয়দ জয়নুল আবেদীন
- ঢাকা–৫: মোহাম্মদ কামাল হোসেন
- ঢাকা–৬: ড. মো. আব্দুল মান্নান
- ঢাকা–৭: হাফেজ এনায়েতুল্লাহ
- ঢাকা–৮: ড. মো. হেলাল উদ্দিন
- ঢাকা–৯: কবির আহমদ
- ঢাকা–১০: মো. জসিম উদ্দিন সরকার
জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এই তালিকার বাইরে কোনো পরিবর্তন হয়নি।
এর আগে বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনানুষ্ঠানিক পোস্টগুলো দেখে অনেকেই বিষয়টিকে সত্য ধরে নিয়ে ড. মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বিকেলে সাংবাদিকদের বলেন, “জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই।”
তিনি ভুয়া তথ্য প্রচার থেকে সতর্ক থাকতে এবং যাচাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান।


