34 C
Dhaka
Sunday, June 14, 2026

জামায়াতসহ ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে — হামিদুর রহমান আযাদ

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামপন্থী দল ঘোষণা দিয়েছে যে তারা আসন সমঝোতার ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, “আট দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্যান্য দলের জন্যও জোটের দরজা খোলা রয়েছে।” তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন নির্বাচনী মাঠে চিত্র বদলে গেছে। একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও এবার জামায়াত ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা প্ল্যাটফর্ম গঠন করে নির্বাচনে যেতে চায়।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সক্ষমতা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন জামায়াত নেতা আযাদ। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারের ওপর এখনো সংশয় কাটেনি।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে—সংসদের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হবে। তবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তুলেছে জামায়াতসহ এই আট দল। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানোর সিদ্ধান্তও নিয়েছে তারা।

জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো হলো—
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।

এই দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন, জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করেছে।

সংবাদ সম্মেলনে আট দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ। তিনি জানান, ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে সাত বিভাগীয় শহরে সমাবেশ হবে—
৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে।
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে এসব সমাবেশে প্রচার চালানো হবে।

রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে; বিএনপি–জামায়াতের পুরোনো জোট অকার্যকর হয়ে গেছে। এই ফলে জামায়াত ও অন্যান্য ইসলামী দলগুলো আলাদা শক্তি হিসেবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ