সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে। তবে এর গঠন আগের পদ্ধতি অনুযায়ী হবে নাকি ‘জুলাই সনদ’-এ বর্ণিত কাঠামো অনুসারে হবে—তা পরবর্তী সংসদ নির্ধারণ করবে।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন, ভোট রাতের পরিবর্তে দিনে হবে এবং মৃত মানুষ ভোট দিতে পারবেন না। দেশ গণতান্ত্রিক মহাসড়কে হাঁটা শুরু করেছে।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গণতন্ত্রের কবর রচনা করেছিলেন।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন। রায়ের নির্দেশনা অনুযায়ী, এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।
সংক্ষিপ্ত রায়ে বলা হয়, সংশ্লিষ্ট সব আপিল ও সিভিল রিভিউ সর্বসম্মতভাবে মঞ্জুর করা হলো। একই সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত’ উল্লেখ করে তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
আগের রায় বাতিল ও আপিল মঞ্জুর
আদালত সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিয়েছেন যে আগের রায়ে উল্লেখযোগ্য ভুল ছিল। ফলে রায়টি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কিত সব আপিল মঞ্জুর এবং সব পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনরুদ্ধার (NPCG)
এই রায়ের মাধ্যমে সংবিধানের চতুর্দশ খণ্ডের ২-এ অধ্যায়, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা—পুনরুজ্জীবিত ও সক্রিয় হলো।
(বিঃ দ্রঃ ১৯৯৬ সালের ‘ত্রয়োদশ সংশোধনী’ দিয়েই এই ব্যবস্থা প্রথম সংবিধানে যুক্ত হয়।)
কার্যকারিতা শুরুর শর্ত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলেও এর বাস্তব প্রয়োগ নির্ভর করবে নিম্নোক্ত দুটি অনুচ্ছেদের পুনঃকার্যকর হওয়ার ওপর—
- ৫৮খ(১)
- ৫৮গ(২)
এই বিধানগুলো কার্যকর হলেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবে চালু হবে।
ভবিষ্যতের জন্য প্রযোজ্যতা
আদালত জানিয়েছে, পুনরুদ্ধার হওয়া এই বিধানগুলো শুধু ভবিষ্যতের জন্য কার্যকর। অতীতের কোনো নির্বাচনের ওপর এ রায়ের প্রভাব পড়বে না; তবে ভবিষ্যতের সব নির্বাচনে এই বিধান প্রযোজ্য হবে।
রায়ের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পরে প্রকাশ করা হবে।
পটভূমি
২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে নতুন আইনি লড়াই শুরু হয়।
চলতি বছরের ২৭ আগস্ট আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) মঞ্জুর করেন। পরে ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।


