একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করা বড় ধরনের চ্যালেঞ্জ উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্বের কোনো নির্বাচন কমিশন কখনও পড়েনি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। আগামী সপ্তাহে গণভোট আইন পাস হলে কমিশন প্রস্তুতি শুরু করবে।
তিনি বলেন, আগের কোনো নির্বাচন কমিশনের সামনে এত চ্যালেঞ্জ ছিল না, যতটা এখনকার কমিশনকে মোকাবিলা করতে হচ্ছে। “আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে, আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই,”—বলেন সিইসি।
নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা ব্যাপক উল্লেখ করে তিনি বলেন, গত দুই–তিন দিনে এরই কিছুটা অনুভব করেছেন। এটা কমিশনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও তাদের লক্ষ্য জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। এ প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোকেও দেওয়া হয়েছে।
সিইসি বলেন, “আমাদের মূল লক্ষ্যই ফ্রি এবং ফেয়ার ইলেকশন—এর বেশি না, কমও না। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস আছে।”
রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি মসৃণ নয় উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তার বিশ্বাস। রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বশীল ও বিজ্ঞ—এমন মন্তব্যও করেন প্রধান নির্বাচন কমিশনার।


