বাউল শিল্পীদের ওপর হামলাকে “ন্যক্কারজনক” উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির অংশ বাউলরা মাঠে–ঘাটে গান গেয়ে বেড়ায়। তাদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে মনে করি। এ ধরনের হিংসা–প্রতিহিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই সুষ্ঠু তদন্তের দাবি করছি।”
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কড়াইল বস্তির অগ্নিকাণ্ড প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ঢাকার সবচেয়ে বড় বস্তিগুলোর একটি কড়াইলে কয়েক হাজার দরিদ্র মানুষ বাস করে। আগুনে সব হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। আমার বাসায় রান্না করা মহিলার বাসাও সেখানে— সেটিও পুড়ে গেছে। সরকার যেন যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনে।”
গার্মেন্টস ও শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের গাফিলতি, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং আইন লঙ্ঘনের কারণে এমন ঘটনা ঘটে। তার মতে, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জুলাই মাসের অভ্যুত্থানের সময় দুর্বৃত্তরা জেলা বিএনপি কার্যালয় পুড়িয়ে দেয়।


